মেহেরপুরের গাংনীতে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে নান্দিক পাঠাগারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত ৯ অক্টোবর (২০২১) গাংনী উপজেলা শহরের প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল সংলগ্ন নান্দিক পাঠাগারের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত মুজিব শতবর্ষে, শত গ্রন্থাগারের ‘পড়ি বঙ্গবন্ধুর বই,সোনার মানুষ হই’ শিরোনামে জাতির পিতার রচনা-পাঠ কর্মসূচি বিষয়ক বিশেষ কার্যক্রমে অংশ হিসাবে এ কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দিক পাঠাগারের সভাপতি, কবি ও নান্দিক সম্পাদক ইসমত শিল্পী।
এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা রাইসুল হক পবন, গাংনী প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক ও নান্দিক পাঠাগারের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, গাংনী উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, দৈনিক মানবজমিনের মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু প্রমুখ।
এদিকে নান্দিক পাঠাগার উদ্বোধন হওয়ায় বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, জাতীয় গন্থকেন্দ্রের উদ্যোগে সারা দেশে নির্বাচিত ১০০টি (প্রতিটি জেলা হতে কমপক্ষে ১টি বে-সরকারি গন্থাগারকে অন্তর্ভুক্ত করে) বেসরকারি গ্রন্থাগারের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মতি প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’গ্রন্থটি পাঠক-পাঠিকাদের হাতে তুলে দেওয়া হয়। গ্রন্থটির আলোকে তিন গ্রুপে রচনা প্রতিযোগিতার আয়োজন হয়েছে।



