আকিম মহমদ, সমকালীন বাংলা সাহিত্যে একজন কথাসাহিত্যিক—গল্পকার ও উপন্যাসিক। তার লেখায় বিস্তৃত কাল ও স্থানিক আয়তে জাতীয় জীবনের সামগ্রিক প্রেক্ষিতে সমাজবাস্তবতা, রাষ্ট্রব্যবস্থা ও ক্ষমতা কাঠামোর অন্তর্দিক, স্তরীভূত সমাজ জীবনের বিবর্তন ও তার অভিঘাত এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রচলিত স্রোত ধারার বাইরে তার কর্মকেন্দ্রের অবস্থান। আকিম মহমদ বিরল কিংবা স্বল্পপ্রজ নন, তিনি ধীরপ্রজ লেখক। তার সাহিত্য কর্মের বিস্তার ও পরিধি সংখ্যায় নয়, বিষয় ও বক্তব্যের বিস্তারে। তিনি জনকোলাহল থেকে দূরে দাঁড়িয়ে কাজ করেন নিভৃতে এবং সম্ভবত একারণেই থেকে যান আলোচনার বাইরে। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা যতো, প্রকাশের অপেক্ষায় তার সমধিক।
আকিম মহমদের জন্ম সেপ্টেম্বর ২৩, ১৯৭৩; মেহেরপুরে। তার শিক্ষাজীবন—গাংনী হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আকিম মহমদের পেশাগত জীবনের বেশিরভাগ সময় কেটেছে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এবং প্যাথোলজি ডিপার্টমেন্টে। বিগতো বছরগুলো ধরে- তার সময় কাটে মেহেরপুর, ঢাকা ও নিউইয়র্ক শহরে।
বাংলাসাহিত্য সুদীর্ঘ কাল প্রবাহের ধারাবাহিকতায়, বাংলাদেশের সাহিত্য হিসেবে যদি যাত্রাকাল শুরু করে মধ্য চল্লিশে, দেশভাগের কাল থেকে; তাহলে সত্তরের শুরুতে- স্বাধীনতার সময়কাল থেকে শুরু হয় তার নতুন কাল, নব জোয়ার। আকিম মহমদের সাহিত্যযাত্রা নব্বই দশোকে হলেও সচেতন ভাবে এ শতোকের শুরুতে, শূন্য দশোকে। ছোটো গল্প দিয়ে তার লেখালেখির শুরু, এবং দীর্ঘ দিন ছোটোগল্পের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে এক স্বতন্ত্র শিল্পবলয় সৃষ্টি করেন। আকিম মহমদের প্রকাশিত গ্রন্থের মধ্যে—বদ বেচনে বেয়াড়া বৃক্ষ ছোটোগল্প গ্রন্থ, প্রকাশ কাল ২০১২, ঢাকা; জনতার জার্নাল শিল্প কলার দর্শন ও তার প্রয়োগ প্রবণতার জার্নাল, প্রকাশ কাল ২০১৬, ঢাকা; কাল কাঠামোর কথা শিল্প ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ গ্রন্থ, প্রকাশ কাল ২০১৮, ঢাকা; ভিন্ন দিনের জীবনায়ন গল্পগ্রন্থ, প্রকাশ কাল ২০২০, ঢাকা; কাল ও কলাকার উপন্যাস, প্রকাশ কাল ২০২৬, ঢাকা।
কথাসাহিত্যে আকিম মহমদের প্রধান পরিচয় গল্পকার হিসেবে। তার ছোটোগল্পের গুরুত্বপূর্ণ দিক হলো সমাজের প্রান্তিক ও ছিন্নমূল মানুষের জীবনকে স্থান ও কালের প্রেক্ষিতে বৃহত্তর সামাজিক,রাজনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত করে দেখা। তার প্রথম গল্পগ্রন্থ বদ বেচনে বেয়াড়া বৃক্ষ-এ তার উল্লেখ পাওয়া যায়। গ্রন্থটির গল্পগুলোর মধ্যে শানিত ধারা শোণিতে বয়, জারজ যন্ত্রণা জ্বালায় নিরন্তর, অন্ধবৃত্তে আবদ্ধ ছায়াগুলো, এফোঁড় ওফোঁড় ভুঁইফোঁড়, পানা পুকুরের পচা জঞ্জাল ও বদ বেচনে বেড়ে ওঠা বৃক্ষ উল্লেখযোগ্য। লক্ষণীয়—গল্পগ্রন্থ ও তার গল্পের শিরোনামগুলোই নির্দেশ করে আকিমের গল্পের প্লট, বিষয়-বক্তব্য ও বহু স্তরে বিন্যস্ত সমাজের ওপর-তল-প্রান্ত। প্রান্তিক মানুষের বাস্তুচ্যুতি, সম্পদের অসম বণ্টন ও সামাজিক বৈষম্য, ক্ষমতাহীনের ওপর ক্ষমতার পীড়ন, মূল্যবোধের অবক্ষয় ও মানবিক সম্পর্কের সংকট, চলমান সামাজিক কাঠামো পরিসরের ভাঙন, জনমানুষের অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতা- এসবই, মূলত আকিম মহমদের গল্পের তল ও পরিধি। গল্পগ্রন্থটির এক সমালোচনায় কবি ও আলোচক মিনাজ মুর বলছেন, “আকিম মহমদের গল্পগ্রন্থ বদ বেচনে বেয়াড়া বৃক্ষ স্বয়ং লেখকের অন্ধকারের আত্মদর্শন; এবং এ সময়ের বেয়াড়া সমাজেরই ক্রিটিক।” নতুন শতকের এ গল্পকারের ‘গল্পসমূহে যে সমাজবাস্তবতার চিত্র রয়েছে তা তার অবচেতনের স্বপ্ন-কল্পনা আর সংঘাতের রক্তাক্ত প্রান্তর’ তিনি যোগ করেন। (সূত্র: মিনাজ মুর, প্রতিকথা, এপ্রিল, ২০১৪)।
ভিন্ন দিনের জীবনায়ন আকিম মহমদের দ্বিতীয় গল্পগ্রন্থ। গ্রন্থভুক্ত গল্পগুলোর মাঝে-অ্যা ডিসকোর্স অব ডিটেনশন, বেহুলার ভেলা ভাষায় লখিন্দরে, রাউণ্ড টেবিল কনফারেন্স, বয়ে যায় বুড়িগঙ্গা সয়ে যায় সমাজ, ঊনমানুষ, নমানুষ, নিষিদ্ধ মানুষ, পাগলাগারোদ! পাগলাগারোদ!! পাগলাগারোদ!!! উল্লেখযোগ্য। গল্পগ্রন্থটির শিরোনাম ভিন্ন দিনের জীবনায়ন আক্ষরিক অর্থে একটি অন্যরকম সময় ও সেই সময়ে মানুষের জীবনযাপনের নির্মাণ পদ্ধতি বোঝায়। গল্পকারের আগের গল্পগুলোর বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে দেখলে, এটি এমন এক জীবনবাস্তবতার দিকে ইঙ্গিত করে যেখানে প্রচলিত সমাজ ও সময়কাঠামোর বাইরে অনাগত কালে, অন্য এক জীবন ব্যবস্থার নির্মাণ আকাঙ্ক্ষার ইশারা ব্যক্ত করে; যেখানে সামগ্রিক জীবনের সম্মিলিত স্রোত ধারার ভেতরের ও বাইরের—সব ধরনের মানুষের স্বাভাবিক জীবন নির্বাহের সার্বজনীন আবাস ভূমি হিসেবে কাজ করতে পারে। গল্পকার—মূলত- এখানে, সম্ভাব্য ভাবনাজগতের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়, যেখানে ভিন্ন সময়, ভিন্ন বাস্তবতা এবং সেই বাস্তবতার মধ্যে মানুষের জীবনকে দেখার প্রয়াস।
আকিম মহমদের সৃজনকর্মে যেমন আলো ও আঁধারের উপস্থিতি-অপসৃতির দোলাচল কাজ করে, তেমনি বস্তুর রঙ, ঘ্রাণ এবং শব্দও স্বীয় অস্তিত্বের সাথে অন্বিত হয়ে হাজির হয়। ফলে আলোয় দেখা রিয়েলিটি আর আড়ালের ডার্ক রিয়েলিটি উভয়ই সমানভাবে চাক্ষুষমান হয়ে ওঠে তার কলমে।
আকিম মহমদের গল্পে সময় ও কাল আসে ইতিহাসের কাঠামো-পথ ধরে, এবং তা বর্তমানের মাঝ দিয়ে এঁকেবেঁকে, ভেঙেচুরে প্রবাহিত হয় অনিশ্চিত ভবিষ্যতের অনির্দিষ্ট প্রান্তে। এবং বর্তমান সমাজ জীবনের মাঝে তা ব্যক্তি বনাম সমাজ, প্রান্তিক বনাম কেন্দ্রিক মানুষ, প্রভাবশালী বনাম নিষ্পেষিত শ্রেণি, মানবতা বনাম নিষ্ঠুরটা, সামাজিক মূল্যবোধ বনাম তার অবক্ষয়- চারপাশে এই দ্বন্দ্বগুলো সংগঠিত হয়। উল্লম্ফন ও অবনমন স্তরবিন্যস্ত সমাজ বিবর্তনের এক স্বাভাবিক প্রক্রিয়া এবং সেখানে মূলচ্যুতি, প্রান্তীয়করণ ও নগরায়ণ নির্ধারিত নিয়তি। আকিমের গল্পে নগরায়ণ কেবল উন্নয়ন বা আলোর প্রতীক নয়, বরং তার সঙ্গে পতিত জীবনের আঁধারাচ্ছন্ন জগতও অন্বিত। নগরের পরিবর্তিত দৃশ্যপটে—বিত্তবানের জৌলুসের বিপরীতে ছিন্নমূল জীবনে নেতিবাচক অভিঘাতও তৈরি করে। লক্ষণীয় যে, আকিমের গল্পে ব্যক্তির দুর্দশা কেবল ব্যক্তিগত ব্যর্থতা কিংবা ব্যক্তি মানুষের বিপর্যয় হিসেবে আসে না; বরং-ব্যক্তির চারপাশে যে অর্থনৈতিক ব্যবস্থা, ক্ষমতার কাঠামো, নগর-সংস্কৃতি ও সামাজিক বৈষম্য কাজ করে, সেগুলোর সঙ্গে তার দুর্ভোগ সম্পর্কিত হয়ে আসে। তার গল্পের এক তাৎপর্য এই যে, অন্ধকার এখানে শুধু পরিবেশগত বা দৃশ্যগত বিষয় নয়, এটা একটি সামাজিক ও অস্তিত্বগত প্রতীক হিসেবেও কাজ করে। মানুষ সেখানে এমন এক বাস্তবতার মধ্যে আটকে পড়ে, যেখান থেকে বের হওয়ার পথ তার নিজের নিয়ন্ত্রণে থাকে না। উন্নয়নকে সাধারণত দ্রুত নগরায়ণ, কর্মসংস্থান ও আধুনিকতার সঙ্গে যুক্ত করে দেখা হয়; কিন্তু আকিমের গল্পের দৃষ্টিকোণ এখানে খানিক সমালোচনাপূর্ণ। তার নগর বিকাশের ন্যারেটিভ বা নগরচেতনা নিছক শহরবিষয়ক বর্ণনা নয়; বরং শহরকে একটি ক্ষমতার কাঠামোর সাথে অন্বিত করে পাঠ করার চেষ্টা।
আকিম মহমদের ভিন্ন দিনের জীবনায়ন গল্পগ্রন্থের ভূমিকা মুখপাতর বক্তব্য এখানে স্মরণযোগ্য ‘সৃষ্টিসমূহের মাঝে যেখানে জীবনের গুঞ্জরণ সেখানেই গল্পের উন্মেষ। মহাকালের স্রোত বিস্তীর্ণ পরিসরে ব্যাপক জীবনের প্রবাহে সম্মিলিত ধারায় আগামীর পথে ধাবমান। তারই ফাঁকে ফাঁকে, বাঁকে বাঁকে জীবনের অংশ—ভগ্নাংশ, ক্ষুদ্রাংশ কিংবা অখণ্ড জীবন ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইচ্ছায় অথবা অবহেলায়।—আর সেসবের ছেঁড়া ছেঁড়া টুকরো নিয়েই নির্মিত হয় গল্প।’ গ্রন্থটির ‘বিষয়-বক্তব্য এবং তার চরিত্রসমূহের জাতিক সীমা পেরিয়ে আন্তর্জাতিক আয়তে বিস্তার ঘটেছে, এবং বিশ্ববলয় বিচরণ শেষে আবার স্বভূমিতে সমাহিত হয়েছে। সময়কালের হিসাবেও বিস্তার- সুদূর অতীত হতে, আপন ঐক্যের মাঝে সঞ্চারিত হয়ে বর্তমান জীবনের মাঝ দিয়ে অদূর ভবিষ্যতের গহ্বরে বিলীনাকাঙ্ক্ষায় আত্মহুতি দিয়েছে। কালের সমান্তরালে প্রবহমান যে সমাজ, আর সমাজের সমান্তরালে যে জীবন, এবং জীবনের সমান্তরালে বিলীয়মান বুঁদ বুঁদ-তারই সবকিছু, কিংবা কিছু কিছু গল্পের সাথে গেঁথে গেছে—এই গ্রন্থের গল্পগুলোতে।’
আকিম মহমদের গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ স্তর হলো রাষ্ট্র ও তার নাগরিকের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব। সমাজ বিবর্তনের ধারায়- মানুষ একসময় রাষ্ট্র গঠন করে, আইন প্রণয়ন করে, সরকার নির্বাচন করে এবং-অতপর, সরকারের কার্যনির্বাহের জন্য কর-খাজনা প্রদান করে। কিন্তু পরিহাস এই যে, সেই রাষ্ট্রই একসময় জনগণের ওপর পীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়। এখানে রাষ্ট্র বলতে শুধু সরকার বা প্রশাসন বোঝালে আকিমের সাহিত্যকর্মের বিস্তার ও ব্যাপ্তি সীমিত ও সংকীর্ণ হয়ে পড়ে। বরং- তার গল্পের রাষ্ট্রীয় বাস্তবতার মধ্যে ক্ষমতা, আইন, সামাজিক কর্তৃত্ব, অর্থনৈতিক প্রভাব এবং প্রান্তিক মানুষের অসহায়ত্ব—সবকিছুই পারস্পরিক সম্পর্কিত হয়ে যায়।
এই দৃষ্টিকোণ থেকে তাঁর গল্পে ব্যক্তিমানুষ প্রায়ই বৃহত্তর ব্যবস্থার কাছে দুর্বল হয়ে পড়ে। ফলে কেবল গল্পে নয়, তার সামগ্রিক কথাসাহিত্যের সংঘাত রাষ্ট্র, সমাজ ও সময়-কাল অতিক্রম করে এক অনির্দিষ্ট গন্তব্যের নিষ্ফল প্রান্তে নিক্ষিপ্ত হয়। আকিমের বিশেষত্ব হলো, তিনি কেবল শেকড় ছেড়া মানুষদের পরাজয়, গ্লানি বা দুঃখ-শোকের গল্প বলেন না; বরং সেই শোক-দুঃখের পেছনে থাকা সামাজিক কাঠামো ও ক্ষমতার সম্পর্ককে গল্পের বিষয়ের সাথে জুড়ে দেন। তার গল্পে ছিন্নমূল মানুষের জীবন, তাই- কেবল করুণার বিষয় মাত্র নয়, বরং সমাজব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোর দিকে প্রশ্ন তোলারও একটি প্রেক্ষিত প্রস্তুত করে দেয়। আর এই সকল প্রবণতার সামগ্রিক প্রয়োগ-প্রয়াস সমকালীন ছোটোগল্পের—সামাজ ঘেঁষা, বাস্তবধর্মী ও জীবনমুখী পথ প্রবাহকে বেগবান করে।
গল্পকার আকিম মহমদের কর্মপ্রবণতা কেবল ছোটোগল্পের পরিসরে আবদ্ধ নয় বরং শিল্পকলা, সাহিত্য, জীবন ও সময়কাল এবং তার কাঠামো নিয়েও নিজস্ব ভাবনাকল্প রয়েছে—যার প্রমাণ জনতার জার্নাল ও কাল কাঠামোর কথা গ্রন্থ দুটি। জনতার জার্নাল মূলত শিল্পসাহিত্য কলা ভিত্তিক জার্নাল ধর্মী মিশ্রগ্রন্থ—যেখানে ইস্তেহার, সাক্ষাৎকার, ছোটোগল্প, নিবন্ধ, গ্রন্থ সমালোচনা, প্রবচন ও পাঠ প্রতিক্রিয়া সন্নিবিষ্ট হয়েছে। গ্রন্থটিতে- আকিমের শিল্পকলা বিষয়ে চিন্তাকাঠামো ও কর্মধারা তুলে ধরা হয়েছে যা লেখকের ইস্তেহার নামে চিহ্নিত। সাথে লেখকের কাঠগড়া নামে একটা সাক্ষাৎকার ভিত্তিক কথোপকথনও রয়েছে যা মূলত ইস্তেহারেরই বিস্তৃত বয়ান। আকিম এখানে সম্মিলিত জনতার সামগ্রিক জীবন কে শিল্পকলায় ধারণের একটি প্রয়াস পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছেন। কথাসাহিত্যিক হিসেবে তার যে অভিজ্ঞতা ও পর্যবেক্ষণশক্তি, এই গ্রন্থে সেই জনজীবনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সামঞ্জস্যপূর্ণ বয়ান-বিন্যাস বিদ্যমান যা তার কথাসাহিত্যিক পরিচয়ের সঙ্গে শিল্পচিন্তা ও তার তল-পরিধির তাত্ত্বিক তালাশ প্রবণতা যুক্ত হয়েছে। আকিম মহমদের কাল কাঠামোর কথা গ্রন্থটা শিল্প ও সাহিত্য বিষয়ক প্রবন্ধের সংকলন যেখানে শিল্প সৃষ্টির পদ্ধতিগত পথ নির্মাণের প্রয়াস-প্রচেষ্টা দেখা যায়। আকিম মহমদের শিল্পচিন্তায়- দেশি বা বিদেশি, প্রচল কিংবা প্রতিষ্ঠিত কোনো শিল্পদর্শন অথবা তাত্বিক ভিত্তির অনুসরণ বা অনুকরণ নয়, বরং স্বীয় প্রচেষ্টায় স্বনির্মিত ভূমি এবং নিজের মতো করে চলন উপযোগী একটা পথ তৈরির তাগিদ থাকে।
মূলত বাইরে থেকে বিশেষ কোনো সাহিত্য ও শিল্পধারার আমদানি নয়, বরং স্বীয় ভূমিজাত উপাদানে নির্মিত বর্তমান ও ভাবিকালের উপযোগী এক কার্যকরী সাহিত্যধারার সৃজন আকাঙ্ক্ষা তার কর্মকৌশলের তল ও প্রান্তবিন্দু।
কাল ও কলাকার আকিম মহমদের কর্মধারায়—এক নতুন পর্যায়। তার সাম্প্রতিক প্রকাশিত উপন্যাস কাল ও কলাকার যা স্থান ও কালের ব্যাপ্তিতে- বিস্তৃত ভূগোল ও সুদীর্ঘ সময়কালের মাঝে ব্যাপক জনজীবনের আখ্যান। প্রায় চারশ পৃষ্ঠার উপন্যাসটি সমকালীন বাংলা সাহিত্যে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত। উপন্যাসটির নির্মাণ পরিকল্পনায়, পাঁচটি পর্বে বিভক্ত—উন্মেষ, বিকাশ, বিস্তার, বিপর্যয় ও বিনাশ যা দৃশ্যত এর বহির্কাঠামোয়- দেশের জাতীয় আন্দোলন, ইতিহাস, ঐতিহ্য ও তার অর্জন, স্থাপত্যের বিভিন্ন প্রতীকের সাথে সাযুজ্যপূর্ণ। এ পর্যায়ে, আকিম মহমদের সৃজন প্রবণতায় একটি বিস্তার লক্ষ্য করা যায়। তার ছোটোগল্পে যেখানে বহু বিভাজিত সামাজিক টানাপোড়েনে প্রান্তিক ও পতিত মানুষের জীবন সংগ্রাম বিশেষ গুরুত্ব পেয়েছিল, কাল ও কলাকার এ তিনি বৃহত্তর জাতীয় জীবন এবং তার ইতিহাস ও সাংস্কৃতিক বিবর্তনের পর্যায়ক্রমিক গতি প্রবাহকে উপন্যাসের ঐকিক আখ্যানের একক কাঠামোয় ধারণ করার চেষ্টা করেছেন।
নিরীক্ষা আকিম মহমদের একটি সহজাত প্রবণতা। প্রথম গল্পগ্রন্থে যার আভাস গোচরীভূত হয়েছিলো, দ্বিতীয় গল্পগ্রন্থে এসে কার্যকারী ভাবে তা স্পষ্ট হয়। ভিন্ন দিনের জীবনায়ন গ্রন্থের অধিকাংশ গল্পেই নিরিক্ষার ছাপ রয়েছে এবং তা গল্পের আঙ্গিক-কাঠামোতে, সর্বনাম-সম্বোধনে, শব্দচয়ন-বাক্যবয়নে এবং বানান রীতিতে। গল্পগ্রন্থটির এক সমালোচনায় বলা হয়েছে ‘গল্পকার আকিম মহমদ তার ভিন্ন দিনের জীবনায়ন গ্রন্থে গল্পের প্রচলিত ফর্মের বাইরে গিয়েও গল্প সাজিয়েছেন। কখনো কখনো ফর্ম ভেঙ্গেছেন, কখনো রক্ষা করেছেন। লাগসই কাহিনি নির্মাণের তাগিদ রয়েছে এই লেখকের গল্পে।’ (সূত্র: শাহরিয়ার জামান, প্রতিকথা অনলাইন, জুন ২০২২)।
স্মরণ রাখা প্রয়োজন যে, নিরীক্ষা মানে হটকারিতার মাধ্যমে কোনো বিশৃঙ্খলার মাঝে বিলীন হওয়ার অপচেষ্টা নয়, বরং নতুন পথের অনুসন্ধান প্রচেষ্টা। সত্য যে, সব নতুন পথই সর্বজনীন নয়, হয়তো এক অথবা দুটো কিংবা কোনো কোনোটা। কিন্তু নতুন পথের এই সন্ধান প্রচেষ্টা—কেবল শিল্পকলায় নয়, সভ্যতারও অগ্রগতি আর সমৃদ্ধির পূর্ব শর্ত।
আকিম মহমদের সাহিত্যকর্মে—তার নির্মাণশৈলী, ভাষাভঙ্গি ও নন্দনভাবনা বিষয়ে আলোচনা-সমালোচনা খুবই সীমিত। বহুল পঠিত, চর্চিত লেখক তিনি একেবারেই নন। লোক চক্ষুর অন্তরালে তার অবস্থান। তাই তার সাহিত্যজীবন, সৃষ্টিকর্ম ও শিল্পদর্শন প্রভৃতি নিয়ে—শেষ কথা তো শেষে, মধ্যম পর্যন্ত যাবার প্রারম্ভিক চেষ্টাও শুরু হয়নি, বলা চলে। তবে তার গল্প-উপন্যাসের প্লট নির্বাচন, বিষয় বস্তুর বিন্যাস যেমন বিচিত্র, তেমনি তার চরিত্ররা আরও ব্যাপক, বিস্তৃত ও বৈচিত্রপূর্ণ। আকিম মহমদীয় ধীর লয়ে তলস্পর্শী ভাষাভঙ্গি, বাইরের আলোকসম্পাতে উপরিতলের রিয়েলিটি থেকে নিচতলের ডার্ক রিয়েলিটিকে স্পর্শ করে যায়। এ কারণে তার গল্পের জগতে আলো ও অন্ধকারের দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ। কিন্তু এই অন্ধকার নিছক বিষণ্ণতার নয়, বরং তার- সামাজিক কাঠামোর অসংগতি, শ্রেণিবিভাজন ও ক্ষমতার অসমতাকে দৃশ্যমান করার প্রচেষ্টা। এক আলোচনায় বলা হয়েছে ‘আকিম মহমদের ভাষা সিগনিফিকেন্ট। এই ভাষা জটিল, কাঠখোট্টা হলেও উপমাবহুল। কোথাও কোথাও দর্শনতুল্য। কোথাও কোথাও চিরায়ত বাণীময়।’ (মারুফ ইসলাম, প্রতিকথা অনলাইন, জুন/২০২২)।
বাস্তবিক, আকিম মহমদ এমন একজন লেখক, যিনি খানিক দূরে দাঁড়িয়ে নিকটের মানুষদের, তার মানুষদের সুখ-দুঃখের শ্বাস, দীর্ঘশ্বাসকে শব্দের বুনোনে ধরে রাখেন। তার নিজের ভাষায় তিনি নিজেকে চিহ্নিত করেন এভাবে—‘আমি এমন একজন লেখক, যাকে কেউ জানে না, চেনেও না। কিন্তু আমি তাদের সকলকে চিনি এবং আমি আমার মানুষদের জানিও। কারণ তারা সবাই এখানেই আছেন, আছেন আমার ভাবনায় ও প্রাত্যহিক কর্মের মাঝে।’
বদ বেচনে বেয়াড়া বৃক্ষ, ভিন্ন দিনের জীবনায়ন অতঃপর কাল কাঠামোর কথা, জনতার জার্নাল এবং সর্বশেষ কাল ও কলাকার-এই পথপ্রবাহ দেখায় যে, কথাসাহিত্যিক আকিম মহমদের সৃষ্টি পরিসর গল্প থেকে সাহিত্যপ্রবন্ধ অতঃপর সেখান থেকে বৃহত্তর সমাজ, জীবন ও কাল ভিত্তিক উপন্যাসের দিকে ধাবমান। আর সেখানে সামগ্রিক দৃষ্টিতে তার সৃষ্টিকর্ম—জীবন ও সমাজবাস্তবতা, রাষ্ট্র ও ক্ষমতার দ্বন্দ্ব, সমাজ রূপান্তর-নগরায়ণ ও প্রান্তীয়করণ, শ্রেণিবৈষম্য ও সমাজের স্তরীকরণ, প্রান্তিক মানুষের সংগ্রাম ও ছিন্নমূল মানুষের অস্তিত্বসংকট, কাল ও সমাজের বিববর্তন, শিল্প-সাহিত্য ও তার কালক্রমিক ইতিহাসের শিল্পপাঠের সনদরেখা।


