ফেসবুকে ভালো লেখা এবং লেখকও ফেসবুক থেকে বেরিয়ে আসছে এটা অস্বীকার করা যায় না: নূর কামরুন নাহার


ছবি: এআই জেনারেটেড

নূর কামরুন নাহার কথাসাহিত্যিক ও কবি। গণযোগাযোগ ও সাংবাদিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও সিটি ইউনিভার্সিটি থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এমএ। লেখালেখির বিষয়-মানুষের বহুমাত্রিক জীবন ও সম্পর্ক, মানুষের বিচিত্র মনোস্তত্ব, শ্রেণি সংগ্রাম। মোট গ্রন্থ সংখ্যা ১৯টি। সম্পাদনা করেছেন ছয়টি গ্রন্থ। ইংরেজি, হিন্দি, নেপালি ও উর্দু ভাষায় তাঁর লেখা অনুদিত হয়েছে। দিল্লি থেকে তাঁর ইংরেজিতে অনূদিত গল্প সংকলন A Death and A Morning এবং কানাডা থেকে Whistling Night প্রকাশিত হয়েছে। এ বছর কথাসাহিত্যে ‘বগুড়া লেখক চক্র সাহিত্য পুরস্কার’ পেয়েছেন তিনি। সম্প্রতি তিনি কথা বলেছেন পুরস্কার, লেখালেখি, সংস্কৃতিচর্চা ও সাম্প্রতিক সাহিত্য নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন সাইফ বরকতুল্লাহ।

সাইফ বরকতুল্লাহ: কথাসাহিত্যে বগুড়া লেখক চক্র সাহিত্য পুরস্কার পেলেন। কেমন লাগছে পুরস্কার প্রাপ্তিতে?
নূর কামরুন নাহার: বগুড়া লেখক চক্র কথাসাহিত্যে পুরস্কার পেয়ে আনন্দিত বোধ করছি। প্রায় তিন দশক ধরে লিখছি। জীবন জীবিকার প্রয়োজনে অন্য কাজ করতে হয় তবে লেখার জন্য শ্রম, প্রেম, মেধা সবসময়ই প্রগাঢ় তাই লেখার জন্য যেকোনো পুরষ্কার এই পরিশ্রম ও নিবেদনের স্বীকৃতি। এটি তাই লেখার প্রেরণা ও উৎসাহ যোগায়।

সাইফ: আপনি দীর্ঘদিন ধরে লিখছেন। লিখতে গিয়ে অনেকের লেখাই পড়েছেন। একটি সার্থক লেখার গুণাবলি কেমন হওয়া উচিত বলে মনে করেন? গল্প লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক কী বলে মনে করেন?
নূর কামরুন নাহার: একটা লেখা কেন সার্থক আর সার্থক লেখার স্বরুপই বা কি এ নিয়ে ব্যাপক তর্ক রয়েছে। পাঠকেরও নানা শ্রেণি বিন্যাস আছে। এমন কিছু সার্থক সৃষ্টি আছে যা হয়তো পাঠকপ্রিয় নয়। কারণ পাঠকেরও একটা ভালো লেখা পাঠের প্রস্তুতি থাকতে হবে। তাই সার্থক লেখার গুণাবলি খুব নির্দিষ্ট করা যায় না। তবু আমার নিজের অনুভব একটা সার্থক লেখা আমাকে আন্দোলিত করবে। জীবনের কোনো একটা সত্য, গভীর বোধ, এমন কোন কোণ দেখাবে যা আমাকে চমকে দেবে. থমকে দেবে, এক অপরিমেয় আনন্দে বিবশ করবে, এই আনন্দ এমন যে দুঃখের বা বেদনার উম্মোচনেও আমি এ পাঠানন্দ লাভ করবো।

ভালো গল্প লেখার প্রথম টেকনিক হলো প্রচুর গল্প পড়তে হবে। পাঠের কোনো বিকল্প নেই। খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, অথাৎ তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি থাকতে হবে, জীবনের পাঠ থাকতে হবে, জানতে গল্পটা ভাষায় তুলে আনার দক্ষতা।

সাইফ: পুরস্কার নিয়ে নানা কথা প্রচলিত আছে। আপনি পুরস্কারকে কোন চোখে দেখেন?
নূর কামরুন নাহার: এই নানা কথাটা খোলাশা হলো না এটা কি নেতিবাচক এবং ইতিবাচক এরকম কিছু। যদি তাই হয় তাহলে বলবো, পুরষ্কারের ইতিবাচক দিক হলো লেখককে প্রেরণা দেয়, আরো ভালো লেখার দায় অনুভব করায়, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সংগঠন নানাভাবে পুরস্কার প্রদান করছেন এমনকি লেখকের কাছ থেকে অর্থ নিয়ে পুরস্কার প্রদানের কথাও শোনা যায়। অযোগ্য কোনো ব্যক্তিকে কোনো পুরস্কার প্রদানই ঠিক নয়, তাছাড়া পুরস্কার নিয়ে যদি কোনো বাণিজ্য চলে তা যে পুরস্কারই হোক সেটা অবশ্যই পরিতাজ্য এবং শিল্পসাহিত্যের জন্য ক্ষতিকর।

সাইফ: বাংলা একাডেমি পুরস্কার, করপোরেট পুরস্কারের পাশাপাশি দেশের সাহিত্য সংগঠনগুলো থেকে দেওয়ার পুরস্কারের মধ্যে আপনি স্পষ্ট কোনো পার্থক্য দেখেন? কোন পুরস্কারকে আপনার নিরপেক্ষ ও বেশি গ্রহণযোগ্য মনে হয়?
নূর কামরুন নাহার: বাংলা একাডেমি বা কর্পোরেট পুরস্কারের পাশাপাশি সংগঠনগুলোর পুরস্কারে কিছু প্রার্থক্য তো রয়েছেই। বাংলা একডেমি বা কর্পোরেট পুরস্কার গুলোর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিষয়গুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলোর অর্থ আছে, পুরস্কারের জন্য তারা অর্থ প্রদান করতে পারে। ফলে পুরস্কারের ব্যাপ্তি এবং নগদ প্রাপ্তি থাকে।

পুরস্কার সেটা একাডেমি, কর্পোরেট বা সংগঠন যেটাই হোক যদি যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়, পুরস্কার দেবার নির্বাচন প্রক্রিয়া যদি সুষ্ঠু হয় তাহলে যে কোনো পুরস্কারকেই গ্রহণযোগ্য মনে করি। যদি নোবেল পুরস্কারের মতো কোনো পুরস্কারেও নির্বাচন পক্রিয়ায় দুর্নীতি থাকে তবে সেটাকেও গ্রহণযোগ্য মনে করি না।

সাইফ: কথাসাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি হলো কেন?
নূর কামরুন নাহার: গল্পের প্রতি, জীবনের গল্পগুলোর প্রতি অসীম আর্কষণই কথাসাহিত্যের প্রতি আগ্রহী করে তুলেছে। শৈশব থেকে আমার পাঠ্যতালিকায়ও ছিলো কথাসাহিত্যের দাপুটে অগ্রাধিকার। সেই পাঠ আর জীবনের গল্পগুলো কাছের মানুষের গল্পগুলো, জীবনের বিচিত্রতা তুলে আনার লক্ষ্যেই আমার কথাসাহিত্যের পথে হাঁটা। জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় এবং জীবনের বিচিত্রতা কথাসাহিত্যে যেভাবে তুলে আনা যায় তা বোধহয় অনান্য মাধ্যমগুলোতে এক তীব্রভাবে ফুটে উঠে না। আমি সাহিত্যের অন্য শাখায়ও কাজ করি তবে কথাসাহিত্যই আমার প্রেম।

সাইফ: বর্তমান ফেসবুক ও অনলাইন পোর্টালের কল্যাণে সাহিত্যচর্চা যেমন বেড়েছে; তেমন সাহিত্যের চৌর্যবৃত্তিও বেড়েছে। এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে?
নূর কামরুন নাহার: ফেসবুক বা অনলাইন পোর্টালে লেখা প্রকাশ সুবিধা, কোনো সাহিত্য পাতার দিকে তাকিয়ে থাকতে হয় না। এটা প্রকাশকে উন্মুক্ত করেছে ফেসবুকীয় সাহিত্য এমন নাক সিটকানো বিষয়ের পরেও ভালো লেখা এবং লেখকও ফেসবুক থেকে বেরিয়ে আসছে এটা অস্বীকার করা যায় না। কিন্তু অবশ্যই চৌর্যবৃত্তি বিরাট সমস্যা। এটা রোধ করার জন্য আমাদের চৌর্যবৃত্তির মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আর সবাইকেই লেখক তকমা নিতে হবে কেন? চুরি করে কেন কবি সাজতে হবে?

সাইফ: সাহিত্যচর্চা করতে গিয়ে কখনো কারো দ্বারা প্রভাবিত হয়েছেন? যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন, তারা কারা? কিংবা সেই প্রভাবের ধরনটি কেমন হতে পারে?
নূর কামরুন নাহার: ‍প্রভাবিত হয়েছি। অনেকের দ্বারাই হয়েছি। আমি এখনও সাহিত্যের ধ্রপদী শাখার অনুরক্ত। বাংলা সাহিত্যের এবং বিদেশি সাহিত্যের ধ্রুপদী সাহিত্য আমাকে বিপুলভাবে টানে এবং অমিয় আনন্দে পূর্ণ করে। এসব সাহিত্য দ্বারা আমি প্রভাবিত ও প্রাণিত হই। সবার নাম এখানে উল্লেখ সম্ভব নয়।

ভালো বই পাঠে দারুণভাবে আলোড়িত হই। খুব ভালো পাঠ আমাকে ধ্যানী করে, জীবনের অপূর্ব অদ্ভুত প্রকাশ আমাকে বিবশ করে আমি প্রভাবিত হই প্রকাশে ও বিষয়ে।

সাইফ: আপনার সমসাময়িক ও অনুজদের মধ্যে কার কার লেখা আপনাকে আকৃষ্ট করে কিংবা কাকে কাকে গুরুত্বপূর্ণ মনে করেন।
নূর কামরুন নাহার: আমার সমসাময়িকদের অনেকেই ভালো লেখেন তাদের লেখা আমি পড়ি। অনুজরাও আরো ভালো করছে। অনেকেই বিভিন্ন বিষয়ে লিখছেন, প্রকাশভঙ্গিও বেশ আধুনিক। কাকে কাকে গুরুত্বপূর্ণ ভাবি তা প্রকাশ না করাই ভালো। সময় ও কাল নির্ধারণ করে দেবে কারা গুরুত্বপূর্ণ।