লিটল ম্যাগ বা ছোট কাগজের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বাদ আস্বাদন। এটি যদিও ষোলকলা পূর্ণতা দিতে পারে না। না পারার কারণ প্রতিটি পাঠকের নিজস্ব চিন্তা ও ধ্যান ধারণা এবং রুচির কারণে। তবে কিছুটা কমতির ফলে চোদ্দ আনাই যখন স্বাদ পাওয়া যাবে তখন বলা যায় সম্পাদনা যথার্থ হয়েছে। অথবা লেখক নির্বাচনে মনোযোগিতা কাজ করেছে। দুটোর সংযোগে পাঠকের স্বাদ আস্বাদন। পাঠক মাত্রই নেশার ঘোরে আটকে যাওয়া উপক্রমতাই ছোটো কাগজের আনন্দ।
সম্পাদক কাগজটির মুখবন্ধ এমনভাবে উপস্থাপন করেছেন, যাতে করে পাঠক বসে থাকতেই বাধ্য হয়। পাঠকের নেশার ঘোর সৃষ্টি করতে না পারলে সম্পাদক অথবা লেখক ব্যর্থ। বাঙাল কাগজটির সম্পাদকীয় পাঠককে আশ্বস্ত করতে পেরেছে। চমৎকার সব লেখার মাঝে প্রবন্ধই বহন করে কাগজের ওজন। পাঠক মাত্রই লুপে নেওয়ার আয়োজক।
বাঙাল সম্পাদক জাকির তালুকদার প্রবন্ধ সংগ্রহের প্রতি যথেষ্ট তার কৃতিত্বের বা দায়িত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। কথিত আছে- যে জাতির প্রবন্ধ-সাহিত্য সমৃদ্ধ, সেই জাতি মননশীলতায় অগ্রসর। আর এ কাগজটির সম্পাদক নিশ্চিত কিছুটা দায়িত্ব নিয়েই কাজটি করার চেষ্টা চালিয়েছেন বলে মনে হয়ে। তার লেখক চয়েস এবং বিষয় চয়েসে আমার প্রথমে খটকা লাগলেও কিছু লেখা পাঠে তৃপ্ত হয়েছি। বিশেষ করে বেগম জাহান আরার প্রমিত বাঙলা বানান : স্বভাবে বনাম অভ্যেসে একটি চমৎকার সময়োপযোগী লেখা। লেখাটির পাঠের বিমুগ্ধতায় এতটা হৃদ্য হয়েছি যে, নিয়মিত এ লেখকের লেখা চাইবো সাথে অখাদ্য কোনো গল্পের চেয়ে এ রকম লেখককে আরও বেশি জায়গা দিয়ে পাঠকের মনোযোগ আকর্ষণে সম্পাদক নিশ্চিত মনোযোগী হবেন। বেগম জাহান আরা খুব সচেতন এবং সাহসিকতার সহিত যে কথাগুলো বলবার চেষ্টা করেছেন তা বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান থাকলে কিছুটা জমতো। বাংলা বানান রীতি আর পাঠ্যরীতি নিয়ে এ লোকটি যা না কাণ্ড ঘটালেন তা রীতিমত ভাবিয়ে তুলেছিল।
জাভেদ হোসেনের আমির খসরু নিয়ে লেখাটি পাঠে হৃদ্য হয়েছি। লেখক তাঁকে পরিচিত করবার কালে কোনো ধরনের স্থুলতার আশ্রয় গ্রহণ করেননি। লেখাটি পাঠে চোখের ও মনের অনেক ছায়া কেটে গেছে এ পাঠকের।
হিরন্ময় গঙ্গোপাধ্যায় এক জীবন্ত ইতিহাসের কোলে বসিয়ে যেনো সদ্য ঘটে যাওয়া এক গল্পের অবতারণা করলেন তার লেখাটিতে। অপ্রকাশিত জীবনানন্দ: প্রকাশকালের নেপথ্য কথার নায়কের যে পরিচয় আমরা পেয়েছি তাতে জীবনানন্দের পরিস্ফুটনে নিশ্চিত ঘাটতি রয়েছে। অযোগ্যের হাত ধরে যেটুকু পেয়েছি তা যদি যোগ্যের হাতে পরতো তাহলে কতই না পরিস্কার হতো জীবনানন্দের কবিতার আকাশ! অবাক করা এক তথ্যের অবতারণা এবং সম্পাদকের মনোনয়ন শক্তি সামনের পথগুলোতো আরও মসৃণ ঘটনার উন্মোচন ঘটবে নিশ্চিত।
কবিতার বিছানায় ভূঁইয়া সফিকুল ইসলাম অসচেতনভাবে স্বর্গের উদগাটনে স্বর্গ নামে কবিতাটির প্রথম তিন চরণের কর্তন করে বাকিটা তাকে নিয়ে যেতো পাঠকের মুগ্ধতায়। বাংলা বানানে এ স্বর্গে আজও মানুষের বিশ্বাসের যে জায়গা সেটিতে তিনি লেপনের করতলের ছুরিকাঘাত করেছেন তা সচেতন পাঠক মাত্রই ক্ষুব্দ হবে! তবে শাহানা আকতার মহুয়ার কবিতা দুটো শিরোনামের বৈচিত্রে পাঠককে ভিন্নস্বাদে বসিয়ে লেখক স্কোর করে নিতে পেরেছেন বলে আমার বিশ্বাস।
অনুবাদ যদিও পরচর্চার অংশ। তারপরও অনুবাদ চয়েস যদি হয় হারুকি মুরাকামির মতো তখন পাঠক গিলতেই বাধ্য। কারণ লেখক লেখকের ভাষা বুঝে। তদ্রুপ কবি বুঝে কবিতার ভাষা। কবি রহমান হেনরী পাশ্ববর্তী এলাকার তিন তরুণের চমৎকার তিনটি কবিতার ভাষান্তরে নিজের প্রতি সুবিচার করতে পেরেছেন বলে আমার বিশ্বাস।
গল্পের মাঠে গল্প বাছাই সম্পাদক কোন্ বিষয়ে নজর দিয়েছেন তা ভাবতে আমার সময় লাগলেও ‘লয়ে যাও আমায়’ ফয়জুল ইসলামের এ গল্পটিতে পাঠক মাত্রই কৃষি আবাদের স্বাদ পাবেন। কিন্তু যে সময়ে সমাজ ও রাস্ট্রের অবক্ষয়য়ে জাতি দিনাতিপাত করছে সে সময়ে যাচ্ছে তাই একটি গল্পের জন্য এতটুকু সময় দিয়ে পাঠকের সময় নষ্ট করেছেন বলে মনে হয়েছে। গল্প মানে যদি এ হয়, পাঠক নিশ্চিত গল্পপাঠে বিমুখ হবে। তবে ফজলুল কবিরী খুবদ্রুত লয়ে একটি চমৎকার গল্প উপহার দিয়ে বাকি দুজনের দুঃখ ভুলাতে চেষ্টা করেছেন।
একজন সম্পাদকের সম্পাদকীয় পাঠই পাঠকের শেষ পাঠ হয়ে উঠার কথা। কিন্তু এ সম্পাদক খুব সচেতন ভাবে নিজের জন্য নির্ধারিত ব্যতিক্রম একটি জায়গা পছন্দ করে নিয়েছেন যদি হয়, তা হলে প্রতি সংখ্যায় এভাবে বই আলোচনা কামনা করতে পারি। অসাধারণ দরদ দিয়ে বইগুলো পাঠ করেছেন বলে আমার বিশ্বাস। কারণ সংক্ষিপ্ত কলবরে যেভাবে উপস্থাপন শক্তির প্রয়োগ ঘটিয়েছেন তাতে করে পাঠকই মুলত উপকৃত হয়েছে। প্রতিটি আলোচনা পড়ার পর এক ধরনের অনুরণন স্রোত বয়ে দিয়েছে। অভিবাদন ও ভালোবাসা রইল সম্পাদকের প্রতি।
পরিশেষে পাঠক হিসেবে কাগজটির নিয়মিত পথচলা যেমন কামনা করছি তেমনি পুনর্মুদ্রণ অব্যাহত আশাবাদের চাষাবাদ চাচ্ছি। কাগজটি ষান্মাসিকই থাকুক। কাগজের মান বজায় রাখতে আর মুদ্রণক্রুটিতে বাঁচতে এটার বিকল্প নেই। কাগজটির পরিচ্ছন্নতায় সম্পাদকের শ্রম ফুটে উঠেছে। ভালোবাসা অবিরাম।
বাঙাল
প্রথম সংখ্যা- প্রথম বর্ষ ২০২১
সম্পাদক : জাকির তালুকদার
দাম:১৩০/-টাকা
প্রচ্ছদ: আসলাম লিটন

