মতবিনিময় সভা: প্রকাশনা শিল্পের বিকাশে বাংলা একাডেমি ও গ্রন্থকেন্দ্র শক্তিশালী করার তাগিদ


ছবি: লংরিড

‘বাংলাদেশে সাহিত্যচর্চা ও গ্রন্থ প্রকাশ: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে কবি আল মাহমুদ কর্নারে ‘বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি সভা’ এই মতবিনিময় সভার আয়োজন করে।

‘বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি সভা’র আহ্বায়ক প্রকাশক ও লেখক সাঈদ বারীর সভাপতিত্বে এতে কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, প্রচ্ছদশিল্পী, গ্রন্থ ও সাহিত্য সমালোচক, বুক ইনফ্লুয়েন্সাররা অংশ নেন।

সভায় বক্তারা বাংলাদেশে সাহিত্যচর্চা ও গ্রন্থ প্রকাশ, সংকট ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। বক্তারা গ্রন্থ প্রকাশের সংকট তুলে ধরেন। তারা বলেন, “মূল সংকট দেশে বইয়ের পাঠক নেই, তাই বই বিক্রি হয় না। সব সমস্যার উত্তরণে পাঠক তৈরি করাই গুরুত্বপূর্ণ বিষয়। ভবিষ্যতে পাঠক তৈরির দায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকার প্রণীত শিক্ষা ব্যবস্থার ওপর। স্টুডেন্টদের ক্রিটিক্যালি থিংকিং করার সুযোগ বা অভ্যাস শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়নি। স্কুল-কলেজের দায়িত্ব স্টুডেন্টদের মাধ্যমে পাঠক তৈরি করতে হবে।”

সভায় বক্তারা বলেন, “বাংলা একোডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, গণগ্রন্থাগার ইত্যাদি নামের প্রতিষ্ঠানের সাংগঠনিক অবকাঠামো দুর্বল, তা শক্তিশালী করতে হবে।”

বক্তারা আরো বলেন, “পরিবারের সন্তানরা কেন সাহিত্য বই পড়বে? সাহিত্যের বই পড়লে মানসিক গঠনে উপকারিতা কী? এ ধরনের প্রচার কেন নেই? পরিবারে যেমন দায়িত্ব, তেমনি সরকারেরও। বই পাঠকের জীবনে কি কি পরিবর্তন আনবে তা যদি সামাজিক আন্দোলনে বুঝিয়ে দেওয়া যায় এবং পাঠক যদি বুঝে সে উপকৃত হবে, তাহলে সে বই কিনবে। অনানুষ্ঠানিক বইপড়া বৃদ্ধি পেলে যুব সমাজে চিন্তার প্রসারতা বেড়ে সমাজের বর্তমান অস্থিরতা কমবে অবশ্যই। অন-লাইন ও অফ-লাইন প্রচারণা প্রয়োজন।”

তারা বলেন, “দেশের ৪৫টি টেলিভিশনে কেন বছরব্যাপী ভালো বইয়ের ওপর প্রতিদিন আধাঘণ্টার আলোচনা হয় না? বইয়ের অন-লাইন পডকাস্টের ব্যবস্থা করতে হবে। পত্রিকারও দায়িত্ব আছে। এখন সাহিত্যপাতা নেই বললে চলে।”

মতবিনিময় সভায় বক্তার সংকট ও সম্ভাবনা তুলে ধরে বলেন, “নতুন পাঠকের মন ও চাহিদা বুঝতে হবে। তরুণ সমাজের আকাঙ্খার কথা বুঝতে হবে। আকাশ খোলা, বিশ্বায়নের চাহিদা তরুণ মেধাবীরা বুঝে। তারা আবেগ ঝেড়ে বাস্তববাদী, বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে তারাও বৈচিত্র্য খোঁজে। তারা ই-বুক, পিডিএফের মাধ্যম পড়াশোনা করে। দেশের মেধার উন্নয়নে বই প্রকাশের বিকল্প নেই। এজন্য সরকারকেই এগিয়ে আসতে হবে। প্রতিটি উপজেলায় গ্রন্থাগার নেই কেন? প্রশ্ন তোলা হয়। সেখানে বসে পড়ার সুযোগ তৈরি করতে হবে।”

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ, জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক সাখাওয়াত টিপু, কবি ও প্রাবন্ধিক এবং অনুবাদক রাজু আলাউদ্দিন, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, ঔপন্যাসিক এবিএম সোহেল রশীদ, লেখক ও অনুবাদক শাকির সবুর, লেখক ও গবেষক রেজাউল করীম, বইবিষয়ক ত্রৈমাসিক ‘এবং বই’ সম্পাদক ফয়সাল আহমেদ, কবি ও সংগঠক আমিনুল ইসলাম মামুন, কবি গাজী তানজিয়া, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, লেখক ও প্রকাশক আবু বকর সিদ্দিক রাজু, প্রকাশক মেজবাহ উদ্দীন আহমেদ, অধ্যক্ষ রফিকা আফরোজ, প্রকাশক আবু ওবাইদ, গল্পকার মাহবুবা লাভলু, কবি ও সম্পাদক শওকত হোসেন, লেখক শামীমা নাসরিন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ‘বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি সভা’র যুগ্ম-আহ্বায়ক নজরুল রাসেল।

আয়োজকরা জানান, বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি সভা’ একটি স্বাধীন সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক সংগঠন। বাংলা ভাষার সৃজনশীল ও মননশীল সাহিত্যচর্চা এবং বাংলাদেশি লেখক ও পাঠকের মধ্যে সাহিত্যিক সেতুবন্ধ গড়ে তোলাই এর লক্ষ্য। কোনো রাজনৈতিক, ধর্মীয় বা গোষ্ঠীগত মতাদর্শের সঙ্গে এর সম্পর্ক নেই; বাংলা সাহিত্য, বাংলাদেশি সাহিত্যিক এবং এ দেশের নিজস্ব সংস্কৃতিকে ধারণ, চর্চা ও বিকশিত করাই মূল উদ্দেশ্য।